২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ও সালাউদ্দিনের ক্ষোভ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের জন্য সালাউদ্দিন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সমালোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের জন্য সালাউদ্দিন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সমালোচনা করেন। বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি বলেন, “ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্রিকেট বোর্ড কেন বারবার আমাদের ফুটবলের পেছনে লাগছেন তা বুঝতে পারছি না। তারা কেন বার বার আমাদের মাঠটাই চাইছেন? মেসিরা যখন ঢাকায় এসেছিলেন তখন তো আমরা তাদের কাছে মিরপুর স্টেডিয়াম চাইনি।” “তাহলে কি তারা আমাদের প্রতিপক্ষ ভাবছেন? ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা কখনই এটা প্রত্যাশা করি না,” যোগ করেন টানা দ্বিতীয় মেয়াদে বাফুফে সভাপতি হওয়া সালাউদ্দিন। মাঠ নিয়ে টানা-হেঁচড়ায় বিরক্ত সালাউদ্দিন ক্রিকেটকে বিদ্রুপ করতেও ছাড়েননি। তিনি বলেন, “ক্রিকেট তো খেলে আট-দশটি দেশ। তা নিয়েই তারা মাতামাতি করছেন। ঠিক আছে, কিন্তু নিজেদের জগৎ নিয়েই কেন থাকছেন না তারা? আমাদের পেছনে কেন লেগেছেন?” ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও সালাউদ্দিন ক্ষুব্ধ। তিনি বলেন, “ক্রিকেটের তো অনেকগুলো মাঠ আছে। দেশের সব বিভাগেই তাদের অন্তত একটি মাঠ আছে। কিন্তু আমাদের ‘সবেধন নীলমনি’ মাঠটি নিয়ে কেন তারা টানাটানি করছেন? এটা আমি বুঝতে পারছি না।” সালাউদ্দিন মিরপুর স্টেডিয়াম ফুটবলকে দেয়ারও দাবি করেন। তিনি বলেন, “আমাদের একটি মাত্র মাঠের প্রতি তাদের যেহেতু এত আকর্ষণ, তাই আমাদের মিরপুর স্টেডিয়াম দিয়ে দেয়া হোক। তা হলেই আমরা সেখানে চলে যাবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১০ ঘ.