ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমে উঠেছে ইতালির সেরি আ’র শিরোপা লড়াই। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান জয় পাওয়ায় এবং শীর্ষে থাকা জুভেন্টাস ড্র করায় দুই দলের মধ্যে এখন মাত্র এক পয়েন্টের ব্যবধান। দু দলেরই দুটি করে খেলা বাকি।
নিজেদের মাঠ সান সিরোতে মিডফিল্ডার সুলে মুন্তারির ৯ মিনিট ও রবিনহোর অতিরিক্ত সময়ের গোলে আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান।
তবে ঘরের মাঠ জুভেন্টাস অ্যারেনায় খেলার সুবিধাও জয় এনে দিতে পারেনি এবারের সেরি আ’তে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত জুভেন্টাসকে। লেচ্চের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
যদিও ৯ মিনিটে ক্লদিও মারচিসিওর গোলে এগিয়ে গিয়েছিলো জুভেন্টাসই। ৫৪ মিনিটে লেচ্চের স্ট্রাইকার হুয়ান কুয়াদারেদোর দ্বিতীয় হলুদ অর্থাৎ লাল কার্ড আরো উজ্জীবিত করে তোলে স্বাগতিকদের।
কিন্তু দশ জন নিয়ে খেলেই ৮৫ মিনিটে অতিথিদের সমতায় ফেরান মুরিয়েল ফ্রুটো। বাকি সময়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ায় মূল্যবান দুটো পয়েন্ট নষ্ট করতে বাধ্য হয় জুভেন্টাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৬ ঘ.
bdnews24