২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর লা লিগার শিরোপা রিয়ালের

চার বছর পর স্পেনের লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যাথলেতিক বিলবাওকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারানোয় দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। তার আগে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে মালাগাকে ৪-১ গোলে হারালেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর পর স্পেনের লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যাথলেতিক বিলবাওকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারানোয় দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। তার আগে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে মালাগাকে ৪-১ গোলে হারালেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। ৩৬টি করে ম্যাচ খেলে রিয়াল ও বার্সার সংগ্রহ যথাক্রমে ৯৪ ও ৮৭ পয়েন্ট। বার্সারও আর দুই ম্যাচ বাকি। বিলবাওয়ের মাঠে গনজালো হিগুয়াইন আর মেসুত ওজিলের লক্ষ্যভেদ প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দেয় হোসে মরিনহোর দলকে। ৫০ মিনিটে লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ৪৪তম গোল নিশ্চিত করে দেয় রিয়ালের রেকর্ড ৩২তম শিরোপা জয়। রিয়ালের পাশাপাশি মরিনহোর অর্জনও ঈর্ষণীয়। প্রথম কোচ হিসেবে পর্তুগাল (পোর্তো), ইংল্যান্ড (চেলসি), ইতালি (ইন্টার মিলান) ও স্পেনের লিগ শিরোপা জয়ের কৃতিত্ব এখন শুধু মরিনহোরই। বার্সাকে টানা চতুর্থ লা লিগা শিরোপা এনে দিতে ব্যর্থ হলেও ব্যক্তিগত লড়াইয়ে আপাতত রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। এবারের লা লিগায় সপ্তম হ্যাটট্রিক করে ৪৬ গোল নিয়ে মেসিই এখন গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে। তিন গোলের দুটোই অবশ্য পেনাল্টি থেকে। হ্যাটট্রিকের সুবাদে ৩৯ বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ইউরোপীয় ক্লাব ফুটবলে জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার জার্ড মুলারের গড়া এক মৌসুমে ৬৭ গোলের রেকর্ডকে ম্লান করে দেয়া মেসির গোল-সংখ্যা ৬৮। মালাগার বিপক্ষে বার্সার অন্য গোলটি অধিনায়ক কার্লোস পুয়োলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৫ ঘ.