২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্দিওলার বিদায়ে রিয়ালের কিছুই আসবে-যাবে না: মরিনহো

এই মৌসুম শেষে পেপ গার্দিওলার বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত’ বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। তার বিশ্বাস, চিরপ্রতিদ্বন্দ্বীদের দারুণ সফল কোচ চলে গেলেও তাতে তার দলের কিছুই আসবে-যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মৌসুম শেষে পেপ গার্দিওলার বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত’ বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। তার বিশ্বাস, চিরপ্রতিদ্বন্দ্বীদের দারুণ সফল কোচ চলে গেলেও তাতে তার দলের কিছুই আসবে-যাবে না। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন গার্দিওলা। আর মঙ্গলবার প্রথম বারের মতো গার্দিওলার সিদ্ধান্ত সম্পর্কে মুখ খোলেন মরিনহো। সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, “গার্দিওলার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত। কেন সিদ্ধান্তটা নিয়েছেন তা একমাত্র তিনিই (গার্দিওলা) জানেন। এ নিয়ে মন্তব্য করার অধিকারও একমাত্র তার। কখন কী তাকে সুখী করবে সেটাও তিনিই নির্ধারণ করবেন।” “প্রত্যেকেরই নিজস্ব মত আছে। অন্যদের তা মেনে নিতে এবং সম্মান জানাতে হবে। সেই সঙ্গে আশা করতে হবে তিনি যেন তাতে আনন্দ খুঁজে পান। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তা উপভোগ করা,” যোগ করেন রিয়ালের কোচ। বিভিন্ন সময় বিভিন্ন কারণে গার্দিওলার কড়া সমালোচনা করেছেন মরিনহো। এবার প্রতিপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, “তার (গার্দিওলা) কাছে জীবন উপভোগ করার অর্থ যদি কিছু সময়ের জন্য ফুটবল থেকে অবসর নেয়া হয় তবে তার প্রতি আমার শুভেচ্ছা রইলো।” গার্দিওলা বার্সেলোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলেও ২০১০ সালে চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া মরিনহো জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমেও রিয়ালেই থাকবেন তিনি। চার বছরে বার্সেলোনাকে দুটি চ্যাম্পিয়নস লিগ ও টানা তিনটি লা লিগা শিরোপা সহ ১৩টি শিরোপা এনে দেয়া গার্দিওলার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মরিনহো অনেক পিছিয়ে ছিলেন। গার্দিওলার বিদায় রিয়ালের জন্য সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, “আমি বুঝতে পারছি না কেন এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। রিয়াল মাদ্রিদ নিজস্ব পথে চলে এবং নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেয়।” “প্রতিপক্ষ কোচ কে সেটা কোনো বিষয়ই নয়। তাই গার্দিওলার বিদায়ে আমাদের কিছুই আসবে-যাবে না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৮ ঘ.