২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাজের মনে অবসরের ভাবনা

বিজেএমসি ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে মঙ্গলবার মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। তবে এই মৌসুম শেষে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর ভাবনা উঁকি দিচ্ছে তার মনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

মাহমুদুল হাসান ক্রীড়া প্রতিবেদক ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজেএমসি ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে মঙ্গলবার মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। তবে এই মৌসুম শেষে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর ভাবনা উঁকি দিচ্ছে তার মনে। আলফাজ বুধবার মোহামেডানের ক্যাম্পেও যোগ দিয়েছেন। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবেন তিনি। বিজেএমসি ছেড়ে মোহামেডানে কেন? এই প্রশ্নের উত্তরে আলফাজ বলেন, “বিজেএমসিতে আমার হয়তো আর প্রয়োজন নেই। তাই ছেড়ে দিলাম। এ নিয়ে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।” “তাছাড়া প্রত্যেক কোচেরই নিজস্ব একটা পরিকল্পনা থকে। বিজেএমসির কোচের পরিকল্পনায় হয়তো আমি নেই। তাই সেখানে থাকার প্রয়োজন বোধ করিনি,” যোগ করেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। ফুটবলকে বিদায় জানানোর ভাবনাও পেয়ে বসেছে এক সময় এশিয়ার মাস-সেরা ফুটবলার নির্বাচিত আলফাজকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই মৌসুমই হয়তো আমার ফুটবল-জীবনের শেষ মৌসুম। অবশ্য এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মোহামেডানের হয়ে কয়েকটা ম্যাচ খেলেই ভেবে দেখবো কী করা যায়।” “মোহামেডান আমার প্রিয় ক্লাব। আমি সব সময়ই চেয়েছি মোহামেডানে থেকেই অবসরে যেতে। সেই সুযোগ এখন এসেছে,” যোগ করেন আলফাজ। মোহামেডানের সঙ্গে আলফাজের সম্পর্ক অনেক নিবিড়। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ৭ মৌসুম তিনি ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরে কাটিয়েছিলেন। পরে আবার ২০০৫ সালে এক মৌসুমে খেলেছিলেন। এ নিয়ে তৃতীয় বারের মতো মোহামেডানের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। আলফাজের বর্ণাঢ্য ফুটবল-জীবনের সূচনা ১৯৯২ সালে, রহমতগঞ্জ ক্লাবে। দীর্ঘ দুই দশকে ঢাকার প্রায় সব বড় ক্লাবেই তিনি খেলেছেন। মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়াচক্রে সাফল্যের সঙ্গেই খেলেছেন আলফাজ। ফুটবল-জীবন নিয়ে তার মনে কোনো অক্ষেপ নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। ফুটবলই আমার ধ্যান-জ্ঞান। ভবিষ্যতেও ফুটবলের সঙ্গেই থাকবো।” শুধু ক্লাব ফুটবলে নয়, জাতীয় দলেও আলফাজ যথেষ্ট সফল। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত অধিনায়কত্বও করেছেন জাতীয় দলের। তবে আলফাজের সবচেয়ে বড় অর্জন এশিয়ার মাস সেরা ফুটবলার হওয়া। ১৯৯৫ সালে এই স্বীকৃতি পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪২ ঘ.