২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেতে ৭ জন নবাগত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত কমিটিতে ৭টি নতুন মুখ। এদের মধ্যে দুজন সহ-সভাপতি এবং ৫ জন সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্বাচিত কমিটিতে ৭টি নতুন মুখ। এদের মধ্যে দুজন সহ-সভাপতি এবং ৫ জন সদস্য। সভাপতি পদে কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অধিকাংশ কাউন্সিলরের সম্মতি নিয়ে নির্বাচন কমিশন সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করে। সালাউদ্দিন অবশ্য একেবারে শেষ মুহূর্তের নাটকে নির্বাচিত হন। নির্বাচন কমিশন আগের দিন সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা জানালেও সোমবার তা হয়নি। নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতির একমাত্র পদে সালাম মুর্শেদী ৬০ ভোট পেয়ে আবার নির্বাচিত হয়েছেন। এই পদে সাবেক ফুটবলার গোলাম রাব্বানি হেলাল ২৮টি এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী ২৩টি ভোট পেয়েছেন। এছাড়া সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ৬টি এবং মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান ৪টি ভোট পেয়েছেন। তবে সহ-সভাপতি পদে পরিবর্তন এসেছে। ৪ জন সহ-সভাপতির মধ্যে দুজনই নতুন। তারা হলেন তাবিথ আউয়াল (৭৪) ও আরিফ খান জয় (৭০)। তাদের সঙ্গী আগের কমিটিতে থাকা কাজী নাবিল আহমেদ (৭৬) ও বাদল রায় (৬১)। সহ-সভাপতি পদে মহিউদ্দিন মহি (৫৯), শওকত আলী খান জাহাঙ্গীর (৫৪), মনজুর হোসেন মালু (৪৬), সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির (২২) ও খোরশেদ বাবুল (২২) লড়াই করলেও নির্বাচিত হতে পারেননি। সদস্য পদে নির্বাচিত ১২ জন হলেন আমিরুল ইসলাম বাবু (৯৩), হারুনুর রশিদ (৮৫), শামসুল হক চৌধুরী এমপি (৮৩), শেখ মোহাম্মদ আসলাম (৮৩), ইলিয়াস হোসেন (৮০), মারুফ হাসান (৬৯), ফজলুর রহমান বাবুল (৬৬), ইকবাল হোসেন (৬৫), বিজন বড়–য়া (৬৫), সিরাজুল ইসলাম বাচ্চু (৬২), সত্যজিৎ দাস রুপু (৬২) ও আলমগীর খান আলো (৫৮)। এছাড়া আরিফ হোসেন মুন, তৌফিকুল ইসলাম তোফা, আনোয়ারুল হক হেলাল ও আজমল আহমেদ তপন ৫৬টি করে ভোট পেয়েছেন। বাকি তিনটি সদস্য পদের জন্য এই চার জনের মধ্যে এক মাস পর আবার ভোট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৪ ঘ.