ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার স্পেনের লা লিগায় রায়ো ভায়েকানোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তাই বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে শিরোপা-উৎসবের জন্য আরো কয়েক দিন অপেক্ষায় থাকতে হচ্ছে।
রিয়ালও অবশ্য সহজেই জিতেছে রোববার। সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রাখায় চার বছর পর রিয়ালের লা লিগার শিরোপা জয় প্রায় নিশ্চিত।
বুধবার অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলেই উৎসবে মেতে উঠতে পারবে হোসে মরিনহোর দল।
৩৫ খেলায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯১। সমান খেলায় বার্সেলোনার সংগ্রহ ৮৪। দুদলের আর তিনটি করে খেলা বাকি।
‘এল ক্লাসিকো’তে হারের ঠিক পরেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায়। দুঃস্বপ্নের মতো একটি সপ্তাহ কাটানো বার্সার জন্য আরেকটি বড় ধাক্কা ছিলো গত শুক্রবার ক্লাব ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার বিদায়ের ঘোষণা।
স্বাভাবিকভাবেই বার্সেলোনা শিবির এখন হতাশায় আচ্ছন্ন। ওই হতাশা নিয়েই রায়ো ভায়েকানোর মাঠে খেলতে গিয়েছিলো তারা।
তবে কিক অফের পর উচ্ছ্বাসে ভেসে যেতে সময় লাগেনি। লা লিগার গত তিন বারের চ্যাম্পিয়নদের গোল-উৎসবের সূচনা টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের মাধ্যমে।
১৬ মিনিটে বার্সার প্রথম গোলটির মতো শেষ মুহূর্তে শেষ গোলটিও লিওনেল মেসির। পেদ্রোও করেছেন দুই গোল। অন্য দুই গোলদাতা সেইডুু কেইটা ও থিয়াগো। বাকি গোলটি আত্মঘাতী।
বার্সার শিরোপা হাতছাড়া হয়ে গেলেও দুই মহাতারকার মধ্যে সর্বোচ্চ গোলদাতার লড়াই জমে উঠেছে। ভায়েকানোর বিপক্ষে দুই গোলের সুবাদে লিগে মেসির গোল-সংখ্যা দাঁড়ালো ৪৩, ক্রিস্টিয়ানো রোনালদোর সমান।
সব মিলিয়ে এ মৌসুমে মেসির ৬৪টি গোল। আর ৪ গোল করলেই জার্ড মুলারের এক মৌসুমে করা ৬৭ গোলের রেকর্ড ভেঙ্গে দেবেন আর্জেন্টিনার ফুটবল-বিস্ময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৭ ঘ.
bdnews24