২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন আবার বাফুফের সভাপতি

শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিপক্ষ না থাকায় সোমবার বাফুফের কংগ্রেসে নির্বাচিত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিপক্ষ না থাকায় সোমবার বাফুফের কংগ্রেসে নির্বাচিত হন তিনি। সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম সরে দাঁড়ালে সভাপতি পদে ভোটের প্রয়োজন পড়েনি। অধিকাংশ কাউন্সিলরের সম্মতিতে এবং ফিফা প্রতিনিধি মনিলাল ফার্নান্ডোর পরামর্শে নির্বাচন কমিশন সভাপতি বাদে বাকি ২০টি পদে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে আব্দুর রহিম জানিয়েছেন, “ফিফা প্রতিনিধি আমার কাছে জানতে চেয়েছেন আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি নাকি কারো দ্বারা প্রভাবিত হয়েছি। আমি তাকে বলেছি, সালাউদ্দিনকে সমর্থন জানিয়ে আমি স্বেচ্ছায় নির্বাচনের লড়াই থেকে সরে এসেছি।” “ভবিষ্যতে সালাউদ্দিনের সঙ্গে এক সঙ্গে কাজ করতে চাই। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন বাফুফের এই সাবেক কর্মকর্তা। চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আজম নাসির কংগ্রেস থেকে বেরিয়ে এসে জানিয়েছেন, “তিনটি ব্যালট পেপারে ২০টি পদে নির্বাচন হয়েছে। সভাপতি ছাড়া বাকি পদগুলোতে আমরা ভোট দিয়েছি।” জ্যেষ্ঠ সহ-সভাপতির একটি, সহ-সভাপতির চারটি ও সদস্যের ১৫টি পদে কাউন্সিলররা ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৩৪ ঘ.