ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী সালাউদ্দিনের টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়া এখন সময়ের ব্যাপার। আরো একবার বাফুফের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা।
সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সালাউদ্দিন।
তবু এবারের নির্বাচন নিয়ে তিনি বেশ দুশ্চিন্তায়। সালাউদ্দিন বলেন, “গতবারের চেয়ে এবারের নির্বাচন আমার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে। কারণ এবার আমাকে নির্বাচনের পাশাপাশি বাফুফের কাজও সামলাতে হচ্ছে।”
“তাছাড়া গত নির্বাচনে আমার সামনে সব কিছু পরিস্কার ছিল। কিন্তু এবারের চিত্র বিপরীত। অনেক কিছুই বোঝা যাচ্ছে না,” যোগ করেন তিনি।
আর এ কারণেই ভোটারদের প্রতি সালাউদ্দিনের বার্তা, “যোগ্য প্রার্থী বেছে নিন।”
নির্বাচনে ২১টি পদে প্রার্থীর সংখ্যা ৫২ জন। রেকর্ড সংখ্যক প্রার্থীর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “এবারের নির্বাচন নিয়ে সব মহলে আলোচনা হচ্ছে। আর এটাই প্রমাণ করে ফুটবলে আমরা কিছু করতে পেরেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০২ ঘ.
bdnews24