ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচদিন আগে বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা উদযাপন করেছিলো চেলসি। তার পরের ম্যাচেই বিশাল জয় পেয়েছে তারা। রোববার ফার্নান্দো তোরেসের হ্যাটট্রিকের সুবাদে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৬-১ গোলে হারিয়েছে চেলসি।
এই জয়ের ফলে ৩৫ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে চেলসি। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের অংশগ্রহণের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে।
চার নম্বরে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে চেলসি। শনিবার উইগান অ্যাথলেটিকের কাছে ৪-০ গোলে হেরে যায় নিউক্যাসল ইউনাইটেড। দুই দলেই লিগে ৩টি করে খেলা বাকি আছে।
৩৬ খেলায় ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা আর্সেনালও শনিবার স্টক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের অবস্থান আরো সুসংহত করার সুযোগ হারিয়েছে।
স্ট্যামফোর্ড ব্রিজে ৪৫ সেকেন্ডেই স্বাগতিকদের এগিয়ে নেন ড্যানিয়েল স্টুরিজ। অধিনায়ক জন টেরির হেড ও তোরেসের দুবার লক্ষ্যভেদে ২৫ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় চেলসি।
৬৪ মিনিটে হ্যাটট্রিক করেন শেষ মুহূর্তে গোল করে চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সাকে বিদায় করে দেয়া তোরেস। ৮০ মিনিটে ব্যবধান ৬-০ তে নিয়ে যান ফ্লোরেন্ত মালুদা। ৮৪ মিনিটে কুইন্স পার্ক রেঞ্জার্সের স্ট্রাইকার জিব্রিল সিসে একটি গোল পরিশোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০১ ঘ.
bdnews24