২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়: বাফুফে নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক ফাইজুন্নেসা রোববার এ আদেশ দেন। গত বুধবার চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও গাইবান্ধা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার এ নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেন। সেদিনই নির্বাচন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলে আদালত। রোববার বাফুফের আইনজীবী এম এ সবুরের মাধ্যমে আদালতে কারণ দর্শানোর নোটিসের লিখিত জবাব দেওয়া হয়। পরে এর ওপর শুনানি শেষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে দেয়। গত ৭ এপ্রিল বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩ এপ্রিল এবং ৩০ এপ্রিল নির্বাচনের তারিখ রয়েছে। এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের এই আদেশের ফলে নির্বাচনে আর কোনো বাধা নেই। নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/২০০৭ ঘ.