২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার পথে রিয়াল মাদ্রিদ

সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের লা লিগার শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ৪৩তম লক্ষ্যভেদের সঙ্গে করিম বেনজেমার জোড়া গোল রিয়ালের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের লা লিগার শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ৪৩তম লক্ষ্যভেদের সঙ্গে করিম বেনজেমার জোড়া গোল রিয়ালের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে। তিন ম্যাচ হাতে রেখে ৯১ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৮১। এই রাউন্ডে বার্সেলোনা রায়ো ভ্যালেকানোর কাছে হেরে গেলে চার বছর পর রিয়ালের ঘরে শিরোপা উঠবে। চার দিন আগে সান্টিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে টাইব্রেকারে হার চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে দিয়েছিলো রিয়ালকে। তবে রোববার ঘরের মাঠে সমর্থকদের হতাশ করেনি হোসে মরিনহোর দল। টাইব্রেকারে ব্যর্থ হওয়ার হতাশা পেছনে ফেলে ১৯ মিনিটে রোনালদো এগিয়ে দেন দলকে। সুবাদে এভারটনের ডিক্সি ডিনের ৮০ বছর পর লিগে এক মৌসুমে ৪৩ গোল করার প্রথম কৃতিত্ব পর্তুগিজ তারকার। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ৪৮ ও ৫২ মিনিটে বেনজেমার দুই গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। দুবার লক্ষ্যভেদের ফলে লিগে বেনজেমার গোল-সংখ্যা দাঁড়ালো ২০। রিয়ালের আরেক স্ট্রাইকার গনজালো হিগুয়াইনের ২১টি গোল। লা লিগায় এই প্রথম কোনো দলের তিন জন ২০ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালো। এবারের লিগে এখনই রোনালদো-বেনজেমা-হিগুয়াইনের মিলিত গোল ৮৪টি। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়ে যা ৩০টি বেশি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৭ ঘ.