বরিশাল, এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ালটন বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইল খেলার সময় বরিশাল ও পটুয়াখালীর পুলিশের মধ্যে সংঘর্ষে চার কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার বিকেলে বরিশাল পুলিশ লাইন মাঠে ওই ঘটনার পর খেলা পণ্ড হয়ে যায়। বরিশাল রেঞ্জ রিজার্ভ পুলিশের কমান্ড্যান্ট কাজী মোরতাজ আহমেদ বলেন, বিষয়টি ‘দুঃখজনক’।
সবাই বসে বিষয়টি মিটিয়ে ফেলা হচ্ছে উল্লেখ করে বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেছেন, তিনি বিষয়টি ‘জানেন না’।
পটুয়াখালী জেলা দলের কনস্টেবল সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ওয়ালটন বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বরিশাল রেঞ্জ রিজার্ভ পুলিশ।
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে মাঠের সীমানায় ঢুকে যাওয়া নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বরিশাল জেলা পুলিশের মোজাহার আলী লাঠি নিয়ে প্রতিপক্ষকে মারধর শুরু করেন। এতে চার কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে কনস্টেবল উজ্জ্বল, আব্দুর রহিম, পারভেজ ও আব্দুর রবকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাকিব জানান।
রেফারি মো. মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত ১০ মিনিট খেলা হয়।
অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে বরিশাল রেঞ্জ পুলিশ একটি গোল করে। এর পরপরই দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও খেলা পণ্ড হয়ে যায় বলে জানান মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/০০৩৫ ঘ.
bdnews24