ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার স্বদেশি ফার্নান্দো ভারদেস্কোকে ৬-০, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে বার্সেলোনা ওপেনের ফাইনালে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল। রোববারের ফাইনালে তার প্রতিপক্ষ আরেক স্বদেশি ডেভিড ফেরার।
যদিও কানাডার মিলোস রায়নিকের বিপক্ষে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে ফেরারকে। দুই সেটই টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়েছিলেন রায়নিক। তবে শেষ পর্যন্ত ৭-৬ (২),৭-৬ (২) গেমে জেতেন ফেরার।
ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে ফেরার বলেন, “ক্লে-কোর্টের খেলোয়াড়দের মধ্যে রাফাই (রাফায়েল নাদাল) সবচেয়ে সেরা। এখানে ফাইনালে তিনি তিনবার আমাকে হারিয়েছেন। আশাকরি আগামীকাল অন্য রকম হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩৪০ ঘ.
bdnews24