ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেপ গার্দিওলার অধীনে অসাধারণ এক দল বার্সেলোনা। কিন্তু এটাই ন্যু ক্যাম্পে গার্দিওলার শেষ মৌসুম। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সহকারী তিতো ভিলানোভা। যদিও গার্দিওলাকে চেয়েছিলেন, তবে ভিলানোভাকেই বিদায়ী কোচের যোগ্য উত্তরসূরি মনে করছেন বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল।
শনিবার এক সংবাদ সম্মেলনে পুয়োল বলেন, “আমরা সবাই চেয়েছিলাম পেপ (গার্দিওলা) থেকে যান।”
“যদিও তিনি যে কারণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা বুঝতে পেরেছি এবং সম্মান জানিয়েছি। আমরা সবচেয়ে ভালো খবর যেটা পেয়েছি সেটা হলো তিতো ভিলানোভা থেকে যাচ্ছেন,” যোগ করেন বার্সা অধিনায়ক।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা ঘোষণা দেন, এ মৌসুম শেষে বার্সার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। পরে বার্সা কর্তৃপক্ষ জানায়, ভিলানোভা আগামী মৌসুমে কোচের দায়িত্ব পালন করবেন।
ভিলানোভা সম্পর্কে পুয়োল আরো বলেন, “গার্দিওলা চলে যাচ্ছেন এটা একটা বড় আঘাত, কিন্তু তিতো থাকার অর্থ সবকিছু আগের মতই চলবে। যে কারো চাইতে তিতো দলকে ভালো জানেন।”
চার বছরের সফল পথ চলায় বার্সাকে ১৩টি শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা।
যদিও এ মৌসুমে কিছুটা ম্লান বার্সেলোনা। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা চতুর্থবারের মত স্প্যানিশ লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে। তবে দলকে চতুর্দশ শিরোপা এনে দেয়ার একটা সুযোগ এখনো গার্দিওলার হাতে আছে। ২৫ মে কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে বার্সেলোনা।
পুয়োল বলেন, “সবসময়ই আমাদের লক্ষ্য শিরোপা জেতা। কিন্তু এখন আমরা তার (পেপ গার্দিওলা) জন্য ওটা জিততে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১১ ঘ.
bdnews24