ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে প্রাধান্য ছিলো আবাহনী লিমিটেডের। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান সাবেক চ্যাম্পিয়নদেরই।
শুধু শীর্ষে থাকাই নয়, লিগে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল আবাহনী। ৭টি জয়ের বিপরীতে ৩টিতে ড্র করেছে তারা।
ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে আবাহনী পয়েন্ট ভাগাভাগি করেছে। তিনটি ম্যাচেরই ফল ১-১।
আবাহনীর সবচেয়ে বড় জয় ছিলো ফেনী সকার ক্লাবের বিপক্ষে। নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের চার গোলের সুবাদে ৫-০তে জিতেছিলো পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়ন।
আবাহনীর সবচেয়ে কাছাকাছি মুক্তিযোদ্ধা। আবাহনীর চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে থেকে তাদের অবস্থান দ্বিতীয়।
মুক্তিযোদ্ধা অবশ্য শীর্ষে ছিলো এক সময়। কিন্তু ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে পিছিয়ে পড়ে তারা। বাকি ৯ ম্যাচের ৬টিতে জিতেছে আর ৩টি ড্র করেছে মুক্তিযোদ্ধা।
প্রথম বার বাংলাদেশের পেশাদার লিগে খেলার সুযোগ পাওয়া বিজেএমসির প্রথম লেগ শেষে ভালোই প্রাপ্তি। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। বিজেএমসি ৪টি জিতেছে, ৪টি ড্র করেছে আর হেরেছে দুটোতে।
বেশ ভালো দল গড়লেও প্রথম লেগ শেষে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তাদের ৪টি জয়ের বিপরীতে হারও ৪টি। বাকি দুই ম্যাচ ড্র।
ঐতিহ্যবাহী ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল মোহামেডানের অবস্থা তেমন ভালো নয়। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। মোহামেডান জিতেছে ৩টি ম্যাচে। হেরেছেও ৩টি। বাকি ৪ ম্যাচ ড্র করেছে।
মোহামেডান অবশ্য এই মৌসুমে ভালো দল গড়তে পারেনি। সেই ঘাটতি দূর করার লক্ষ্যে আশির দশকে ঢাকার ফুটবলে আলোড়ন তোলা এমেকা ইউজিগোকে কোচ হিসেবে নিয়ে এসেছে তারা। তবে তাতে এ পর্যন্ত তেমন লাভ হয়নি।
মোহামেডানের চেয়েও খারাপ অবস্থা গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মাত্র ১১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম। ১০ ম্যাচের ৫টিতেই হেরেছে শেখ জামাল। বাকি ৫ ম্যাচের ৩টিতে জিতেছে আর ড্র করেছে দুটি।
ব্রাদার্স ইউনিয়ন (১১ পয়েন্ট) ষষ্ঠ ও ফেনী সকার ক্লাব (১০) অষ্টম স্থানে আছে। রহমতগঞ্জ ও আরামবাগ ৯ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে। ৮ পয়েন্ট নিয়ে সবচেয়ে নিচে ফরাশগঞ্জের অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৫ ঘ.
bdnews24