ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও গাইবান্ধা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার এ নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করলে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক ফাইজুন্নেসা বুধবার এই কারণ দর্শাতে বলেন।
বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডেভোকেট মো. বোরহানউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার আরজিতে এ নির্বাচনের ভোটার তালিকা বাতিল এবং তফসিল অবৈধ ঘোষণা করারও আবেদন জানানো হয়েছে।
মামলায় বিবাদী করা হয়েছে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও প্রধান নির্বাচন কমিশনারকে।
আর্জিতে বলা হয়েছে, বিবাদীরা বাফুফে নির্বাচন সামনে রেখে বহু ‘অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, বেআইনি ও সংবিধানবিরোধী’ কাজ করেছেন, যার ফলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
বর্তমান কমিটি গত চার বছরে একবারও সাধারণ সভা করেননি বলেও আর্জিতে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/জেকে/১৭২০ ঘ.
bdnews24