ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত। স্বপ্ন এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। সেই লক্ষ্য পূরণের পথে বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হেরে যওয়ায় রিয়ালের জন্য ফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেছে।
১৯ মে’র ফাইনাল খেলতে হলে কমপক্ষে ১-০ গোলে জিতে হবে রিয়াল মাদ্রিদকে। সেই ক্ষেত্রে সবমিলিয়ে গোল ব্যবধান ২-২ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে ফাইনালে উঠে যাবে রিয়াল মাদ্রিদ।
রিয়াল কোচ হোসে মরিনহোও জানেন কাজটা বেশ কঠিন। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ভাগ্য ঠিক মরিনহোর সঙ্গে থাকে না। এ পর্যন্ত প্রতিযোগিতাটিতে পাঁচবার সেমিফাইনাল খেলে তিনবারই দলের ফাইনালে উঠতে না পারার বেদনায় নীল হতে হয়েছে মরিনহোকে।
চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ২০০২ মৌসুমে শেষবারের মত শিরোপা জিতেছিলো। আগের মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও তারপর আর শিরোপার দেখা পায়নি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, “সেমিফাইনালে ভাগ্যের যথেষ্ঠ সহায়তা আমি পাই না। বল গোল লাইন অতিক্রম না করায় একবার (লিভারপুলের বিপক্ষে) আমি হেরে গেছি।”
“২০০৭ সালে টাইব্রেকারে হেরেছি- যেটাও দুর্ভাগ্যজনক এবং ২০০৯ মৌসুমে যেভাবে আমাকে সেমিফাইনাল (বার্সেলোনার বিপক্ষে) থেকে বিদায় নিতে হয়েছে সেটা সবাই জানে,” যোগ করেন এই কোচ।
এবারও বায়ার্নের মাঠে প্রথম লেগের হার মেনে নিতে পারেনি মরিনহো। তবে ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
মরিনহো বলেন, “একটি অফসাইড গোলের কারনে প্রথম লেগে হেরে গেছি। তারপরও আশা করছি এবার আমি জিতবো।” এরআগে ২০০৪ সালে পোর্তোকে ও ২০১০ সালে ইন্টার মিলানকে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতাটির শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো।
তবে মরিনহো যতই আশাবাদী হন না কোনো ইতিহাস কিন্তু বায়ার্ন মিউনিখের পক্ষে। এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চারবার দেখা হয়েছিলো দল দুটির। তিনবারই রিয়ালকে বিদায় করে দিয়েছিলো জার্মানির দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪০ ঘ.
bdnews24