ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) নির্বাচনে জয়ী হতে পারলে দেশের সবকটি জেলায় লিগ চালু করার প্রতিশ্র“তি দিয়েছে ফুটবল বাঁচাও পরিষদ। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সাবেক ফুটবলার গোলাম রব্বানি হেলালের নেতৃত্বে সোমবার রাতে এই প্যানেলের নাম ঘোষণা করা হয়।
ফুটবল বাঁচাও পরিষদ ১৬টি পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অবশ্য তারা সভাপতি পদে কোন প্রার্থী দেয়নি।
নির্বাচনে জয়ী হতে পারলে দশ মাসের মাথায় সবকটি জেলায় লিগ শুরু করার প্রতিশ্র“তি দিয়েছেন গোলাম রব্বানি হেলাল। তিনি বলেন, “দশ মাসের মাথায় দেশের ৬৪ জেলায় লিগ শুরু করতে চাই আমরা। আর তা যদি না পারি এগারো মাসের মাথায় পদত্যাগ করবো আমরা।”
“শুধু জেলার ফুটবলই নয়, আমরা ঢাকার ফুটবলকে আরো সচল করতে চাই। পাশাপাশি জাতীয় দলকে আরো শক্তিশালী দলে রুপ দিতে চাই। আর পাতানো খেলা বন্ধ করতে চাই,” যোগ করেন হেলাল।
এদিকে হেলালদের এই প্যানেলের হয়ে নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বীতা করছেন সহ-সভাপাতি পদে সাবেক ফুটবলার আরিফ খান জয়, ফেনী সকার ক্লাব কর্মকর্তা তাবিথ আউয়াল, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি।
আর সদস্য পদে উল্লেখ্যযোগ্য হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক, ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার আমের খান, বাফুফের বর্তমান কমিটির সদস্য আজফার-উজ-জামান, সাবেক ফুটবলার ইকবাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০০ঘ.
bdnews24