২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বার্সার আরেকটি কঠিন পরীক্ষা

শনিবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ায় স্পেনের লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে না পারার আশঙ্কাও। এই শঙ্কা মাথায় নিয়েই মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে চেলসির মুখোমুখি হবে বার্সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ায় স্পেনের লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে না পারার আশঙ্কাও। এই শঙ্কা মাথায় নিয়েই মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে চেলসির মুখোমুখি হবে বার্সা। তিন দিনের ব্যবধানে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ায় পেপ গার্দিওলার দল সত্যিই চাপের মধ্যে। গত বুধবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে এখন কঠিন পরীক্ষা। ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে চ্যাম্পিয়নস লিগের গতবারের চ্যাম্পিয়নদের। লন্ডনে ব্যর্থতার ধাক্কা সামলে উঠতে না উঠতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়ায় লা লিগার গত তিন বারের চ্যাম্পিয়নরা আশা ছেড়েই দিয়েছে বলা যায়। ২০০৮ সালে দায়িত্ব নেয়ার পর বার্সাকে দুটো চ্যাম্পিয়নস লিগসহ ১৩টি শিরোপা এনে দেয়া গার্দিওলাকে এর আগে এতটা চাপের মুখে পড়তে হয়নি। রিয়ালের বিপক্ষে দলের প্রথম একাদশ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে বার্সার কোচকে। সেস ফ্যাব্রেগাস, অ্যালেক্সিস সানচেজ ও পেদ্রোকে বসিয়ে রেখে যুব দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেল্লোকে প্রথম একাদশে রাখার জন্য তাকে সমালোচকদের তীরে বিদ্ধ হতে হচ্ছে। অন্যদিকে চেলসির সামনে এখন প্রতিশোধ নেয়ার চমৎকার সুযোগ। ২০০৯ সালেও ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো দুদল। সেবার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগ গোলশূন্য ছিলো। স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে মাইকেল এসিয়েনের ৯ মিনিটের গোল এগিয়ে দিয়েছিলো স্বাগতিক চেলসিকে। নির্ধারিত ৯০ মিনিট ঐ এক গোলের ব্যবধান ধরে রেখে ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলো হোসে মরিনহোর চেলসি। কিন্তু ইনজুরি সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে খেলা ১-১এ শেষ হয় এবং প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ফাইনালে চলে যায় বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছিলো বার্সা ও চেলসি। এর মধ্যে চেলসি তিন বার ও বার্সেলোনা দুবার জিতেছে। বাকি ৪টি ম্যাচ অমীমাংসিত ছিলো। এই ৯টির মধ্যে ৭টি ম্যাচই ছিলো নকআউট পর্বে। ২০০৪-০৫ মৌসুমে দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিলো চেলসি। তবে পরের মৌসুমে ঐ দ্বিতীয় রাউন্ডেই চেলসির বিদায়ঘন্টা বাজিয়ে ভালোই প্রতিশোধ নিয়েছিলো বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৩ ঘ.