২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের হোঁচটে শিরোপার হাতছানি জুভেন্তাসের

এএস রোমাকে ৪-০ গোলে হারিয়ে ইতালির সেরি আ'তে শীর্ষস্থান সুসংহত করেছে জুভেন্তাস। আর বোলোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা-লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএস রোমাকে ৪-০ গোলে হারিয়ে ইতালির সেরি আ'তে শীর্ষস্থান সুসংহত করেছে জুভেন্তাস। আর বোলোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা-লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। ইতালির লিগে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল জুভেন্তাসের ৩৩ ম্যাচ থেকে সংগ্রহ ৭১ পয়েন্ট। তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা এসি মিলানের অবস্থান দ্বিতীয়। দু দলেরই আর ৫টি করে খেলা বাকি। টানা ষষ্ঠ জয় তুলে নেয়ার পথে জুভেন্তাস অ্যারেনায় ৮ মিনিটের মধ্যেই ভিদাল পার্দোর দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৯ মিনিটে আন্দ্রিয়া পির্লো ও ৫৩ মিনিটে ক্লদিও মারচিসিওর লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্তাসের। সান সিরোতে ২৯ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার গাস্তোন রামিরেজের গোলে পিছিয়ে পড়ে এসি মিলান। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও লক্ষ্যভেদ করতে পারছিলো না তারা। ৮২ মিনিটে দানিয়েল বোনেরার দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে মিলানকে। হারের শঙ্কা যখন জেঁকে ধরেছে ঠিক তখনই ৯০ মিনিটে জ­াতান ইব্রাহিমোভিচের গোলে কোনো রকমে এক পয়েন্ট পায় তারা। সেরি আ’তে অবনমনের আশঙ্কায় থাকা জেনোয়ার মাঠে গন্ডগোল করেছে দর্শকরা। সিয়েনার বিপক্ষে স্বাগতিকরা ৪-০ গোলে পিছিয়ে থাকার সময় গন্ডগোলের শুরু। ক্ষুব্ধ-হতাশ জেনোয়ার সমর্থকরা ‘স্মোক বম্ব’ বা ধূম্র-বোমা ছুড়ে, মাঠে ঢুকে নিজেদের দলের খেলোয়াড়দের জার্সি খুলে নেয়ার চেষ্টা করে। তাই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। পরে আবার খেলা শুরু হলেও ১-৪ গোলের হারের লজ্জায় নিয়েই মাঠ ছাড়তে হয় জেনোয়াকে। সেরি আ’র অন্য দুই ম্যাচে লাৎসিও-লেচ্চে ১-১ গোলে এবং উদিনেসে-শিয়েভো গোলশূন্যভাবে ড্র করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৪ ঘ.