ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘এল ক্লাসিকো’তে জয়ের পাশাপাশি চার বছর পর রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লিগ শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হয়ে গেছে- এমনটা মনে করছেন খোদ বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। রিয়ালকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
শনিবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনা ৭ পয়েন্টে পিছিয়ে পড়ে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। যদিও লিগে দু দলেরই চারটি করে খেলা বাকি আছে এবং কাগজে-কলমে বার্সার সম্ভাবনা এখনো রয়ে গেছে। তবে ওই সম্ভাবনার কথা মানতে নারাজ গার্দিওলা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সেলোনার কোচ বলেন, “আজকের জয়ের পাশাপাশি লিগ শিরোপা নিশ্চিত করায় আমি (রিয়াল) মাদ্রিদকে শুভেচ্ছা জানাচ্ছি।”
ডিফেন্ডার জেরার্ড পিকে ও মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসকে শুরুতেই মাঠে না নামানোয় সমালোচনার মুখে পড়তে হয়েছে গার্দিওলাকে। তবে নিজের সিদ্ধান্ত ভুল ছিলো এমনটা মানতে রাজি নন বার্সা কোচ। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদকে হারাতে যে দলটি আমার সবচেয়ে সেরা মনে হয়েছে আমি সেই দলই নির্বাচন করেছি। যাহোক হেরে যাওয়া দল সবসময়ই ভুল।”
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে ইউরোপে ক্লাব ফুটবলের সেরা দলটি।
চার দিনের ব্যবধানে টানা দুইটি হারের ভয়াবহ স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান গার্দিওলা। তিনি বলেন, “আজরাতে খেলোয়াড়দের মন খুবই খারাপ, তারা ক্লান্তও। কিন্তু ক্যারিয়ারে তারা প্রত্যেকেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন আমরা শুধু ভবিষ্যৎ নিয়েই ভাবতে চাই।”
শনিবারের ম্যাচের ৭৩ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪২ গোল নিয়ে এককভাবে তিনিই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা।
২০০৮ সালের ৭ মে’র পর লিগে এই প্রথম বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ। মাঝে আরো সাতটি ‘এল ক্লাসিকো’র ছয়টিতেই জিতেছে বার্সেলোনা। বাকি ম্যাচটিতে ফল আসেনি।
এরকম একটি ম্যাচে জয়ের নায়ক রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, “ওটা খুবই গুরুত্বপূর্ণ গোল ছিলো কারণ ওটা আমাদের তিন পয়েন্ট এনে দিয়েছে। সাত পয়েন্টে এগিয়ে থাকায় আমরা স্বস্তি¡কর অবস্থানে আছি। তবে আমাদের মনে রাখতে হবে বাকি খেলাগুলোও গুরুত্বপূর্ণ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০০ ঘ.
bdnews24