২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে হারিয়ে শিরোপার আরো কাছে রিয়াল

শনিবার স্পেনের লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে রিয়ালের শীর্ষস্থান এখন আরো সুসংহত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 08:20 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার স্পেনের লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে রিয়ালের শীর্ষস্থান এখন আরো সুসংহত। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথম সুযোগ পায় রিয়াল। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেনের সফলতম ক্লাবটি। কিন্তু মেসুত ওজিলের কর্নার থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে তুলে দেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। পরের মিনিটে সুযোগ পেয়ে যায় বার্সাও। রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপের আড়াআড়ি পাস কেড়ে নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন দানি আলভেস। তবে প্রতিপক্ষের ব্রাজিলীয় ডিফেন্ডারের পায়ে ঝাঁপিয়ে পড়ে রিয়ালকে রক্ষা করেন ইকার ক্যাসিয়াস। পরের কয়েক মিনিট দুদলই চেষ্টা করেছে লক্ষ্যভেদ করার। সে সব প্রচেষ্টায় সাফল্য শুধু রিয়াল মাদ্রিদের। ১৭ মিনিটে হোসে মরিনহোর দলের এগিয়ে যাওয়া অবশ্য বার্সার অধিনায়ক কার্লোস পুয়োলের ভুলের সৌজন্যে। অ্যাঞ্জেলো ডি মারিয়ার কর্নার থেকে পেপের হেড কোনো রকমে এক হাত দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন ভালদেস। কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা পুয়োল বল বিপদমুক্ত করেননি। সেই সুযোগে বল জালে জড়িয়ে দেন স্যামি খেদিরা। চার মিনিট পর বার্সার বক্সে ঢুকে স্বাগতিক-সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু বল পোস্টের সামনে দিয়ে বেরিয়ে যায়। ২৮ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলো বার্সা। মেসির ডিফেন্সচেরা এক অসাধারণ পাস পেয়ে গিয়েছিলেন জাভি। কিন্তু ক্যাসিয়াসকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ৫ মিনিট পর আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে বল দেয়া-নেয়া করে রিয়ালের ডিফেন্সকে বোকা বানালেও বিস্ময়করভাবে সুযোগটা কাজে লাগাতে পারেননি মেসি। ৪১ মিনিটে আরেকটি চমৎকার আক্রমণ থেকে আবার সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু আলভেসের বাড়ানো বল থেকে আবারও সমর্থকদের হতাশ করেন মেসি। ৪৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বার্সার বক্সে ঢুকে পড়েছিলেন ওজিল। রোনালদো তখন ফাঁকায়। কিন্তু ওজিলের ক্রস ঠেকিয়ে দেন বার্সার এক ডিফেন্ডার। প্রথমার্ধে ব্যবধানও তাই ১-০ই থেকে যায়। প্রথমার্ধের শেষ দিকে নামা বৃষ্টির বেগ বিরতির পর আরো বেড়ে যায়। তবে তাতে দমে না গিয়ে গোল শোধ করার চেষ্টা করতে থাকে বার্সেলোনা। যদিও রিয়ালের ডিফেন্স ভাঙ্গতে পারছিলো না কিছুতেই। ৫৪ মিনিটে বার্সার ক্রিস্টিয়ান তেল্লোর নষ্ট করা সুযোগটি এক কথায় অমার্জনীয়। থিয়াগোর দুর্দান্ত পাস ফাঁকায় পেয়েও পোস্টের ওপর দিয়ে মেরে দিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বল ঘোরাফেরা করছিলো রিয়ালের অর্ধে। রিয়ালের কৌশলই ছিলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার। তেমনই এক পাল্টা আক্রমণে করিম বেনজেমার থ্রু ফাঁকায় পেয়ে যান রোনালদো। কিন্তু পর্তুগিজ তারকা অফসাইডে থাকায় রিয়ালের কোনো লাভ হয়নি। ৬৮ মিনিটে জাভির মাটিঘেঁষা জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরই জাভির বদলে অ্যালেক্সিস সানচেজকে নামান বার্সার কোচ পেপ গার্দিওলা। আর নেমেই দলকে সমতায় ফেরান সানচেজ। গোলটি চমৎকার এক আক্রমণের ফসল। ৭০ মিনিটে ইনিয়েস্তার ফ্লিক খুঁজে পায় তেল্লোকে। তেল্লোর শট বাধাপ্রাপ্ত হলেও সানচেজকে গোল করা থেকে কেউ বিরত রাখতে পারেনি। তবে সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি স্বাগতিকরা। তিন মিনিট পরই এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে নেয়া ওজিলের শট ধরে, ডান পায়ের জোরালো শটে গোলটি করেন রোনালদো। সর্বশেষ ৫টি ‘এল ক্লাসিকো’তে এটি তার চতুর্থ গোল। এগিয়ে যাওয়ার পর আরো সুযোগ এসেছিলো রিয়ালের সামনে। কিন্তু বেনজেমা আর রোনালদোর ব্যর্থতায় তারা ব্যবধান বাড়াতে পারেনি। তবে তাতে তেমন ক্ষতি হয়নি লা লিগার রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়নদের। চার মৌসুম পর লিগ-শিরোপা যে এখন তাদের হাতের নাগালেই। গত নভেম্বরে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বার্সার কাছে হারের শোধ ভালোভাবেই নিলো রিয়াল। মরিনহোর জন্যও এই জয় দারুণ মধুর। তার অধীনে ন্যু ক্যাম্পে এটাই রিয়ালের প্রথম জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০২১৫ ঘ.