২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদী তিন সভাপতি প্রার্থীই

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার ব্যাপারে তিন প্রার্থীই আশাবাদী। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বিশ্বাস, ভোটাররা তাদের হতাশ করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার ব্যাপারে তিন প্রার্থীই আশাবাদী। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বিশ্বাস, ভোটাররা তাদের হতাশ করবেন না। কাজী সালাউদ্দিন মনে করেন ভোটাররা তার অতীতের কাজের মূল্যায়ন করবেন। এ ব্যাপারে তিনি বলেন, “গত চার বছর আমি কী কাজ করেছি তা নিশ্চয়ই তারা দেখেছেন। আর তা দেখে আমাকে যোগ্য মনে করলে তারা ভোট দেবেন। আশা করি তারা আমাকে হতাশ করবেন না।” “আমি চেষ্ট করেছি দেশের ফুটবলকে একটা পর্যায়ে নিয়ে যেতে। তাতে আমি কতটা সফল হয়েছি তা মূল্যায়ন করার দায়িত্ব ভোটারদের,” যোগ করেন সালাউদ্দিন। আবার নির্বাচিত হলে ফুটবলকে দেশজুড়ে ছড়িয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, “এবার আমার তিন নতুন লক্ষ্য হলো জেলায়-জেলায় নিয়মিত লিগ আয়োজন করা, অ্যাকাডেমিক ভিত্তিতে ফুটবল চালু করা ও একটি শক্তিশালী জাতীয় দল গঠন করা।” জাকারিয়া পিন্টু অবশ্য সালাউদ্দিনকে ব্যর্থই মনে করছেন। এ ব্যাপারে তিনি বলেন, “গত চার বছর সালাউদ্দিন ফুটবলের উন্নয়নে ভালো কিছু করতে পারেননি। যদিও তার সামনে সুযোগ ছিলো দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার।” “জেলা পর্যায়ে ফুটবলের খুবই করুণ দশা। সালাউদ্দিন এই দুর্দশা থেকে দেশের ফুটবলকে টেনে তুলতে পারেননি,” যোগ করেন পিন্টু। তবে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শক্ত প্রতিপক্ষই মনে করছেন সালাউদ্দিনকে। তিনি বলেন, “ব্যর্থ হলেও সভাপতি পদে সালাউদ্দিন শক্তিশালী প্রতিপক্ষ। বরং আব্দুর রহিমকে তেমন কঠিন প্রতিপক্ষ বলে মনে করি না আমি।” সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম নিজেকে অনেক বেশি অভিজ্ঞ মনে করছেন সালাউদ্দিন ও পিন্টুর চেয়ে। তিনি বলেন, “সালাউদ্দিন ও জাকারিয়া পিন্টু ফুটবলার হিসেবে বিখ্যাত ছিলেন ঠিকই, কিন্তু তাদের সাংগঠনিক দক্ষতা তেমন নেই। আর তা প্রমাণিতও হয়েছে। আমি সেই ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত ফুটবলের সঙ্গেই আছি।” “গত চার বছরে সালাউদ্দিন ফুটবলের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেননি। জেলা পর্যায়ের ফুটবলের করুণ দশাতেই তা প্রমাণিত। তেমনি পিন্টু সাহেবও ফুটবলের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নিতে পারেননি,” যোগ করেন বাফুফের সাবেক কর্মকর্তা। আব্দুর রহিমের মতে, দেশের ঘরোয়া ফুটবল গত চার বছরে শুধু ঢাকা মহানগর কেন্দ্রিক ছিলো। এ প্রসঙ্গে তিনি বলেন, “জেলা এবং বিভাগীয় পর্যায়েও ফুটবলের করুণ দশার কথা সালাউদ্দিনরা হয়তো জানেনই না। এ ক্ষেত্রে শুধু সালাউদ্দিন নন, বাফুফের পুরো কমিটিই ব্যর্থ হয়েছে।” “এই দুই ব্যর্থ প্রার্থীর সঙ্গে লড়াই করে জয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। কারণ তাদের চেয়ে আমি অনেক বেশি যোগ্য,” যোগ করেন রহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ ঘ.