২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার রিয়াল-বার্সার আকর্ষণীয় লড়াই

২৪ ঘন্টার ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় দুদলই ভীষণ চাপের মধ্যে। সেই চাপ নিয়েই শনিবার ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে লড়াইয়ের ফল গড়ে দিতে পারে স্পেনের লা লিগার শিরোপা-ভাগ্য। ম্যাচটি হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

শামীমা নাসরিন লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ ঘন্টার ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় দুদলই ভীষণ চাপের মধ্যে। সেই চাপ নিয়েই শনিবার ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে লড়াইয়ের ফল গড়ে দিতে পারে স্পেনের লা লিগার শিরোপা-ভাগ্য। ম্যাচটি হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুদলেরই আর পাঁচটি করে খেলা বাকি। শনিবার বার্সা জিতলে ব্যবধান নেমে আসবে ১ পয়েন্টে। অন্যদিকে জিততে পারলে ৭ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুবাদে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে যাবে রিয়াল। এবারের ‘এল ক্লাসিকো’ অবশ্য শুধু দুই বিশ্বসেরা ক্লাবের শিরোপা-লড়াইই নয়, দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লড়াইও। দুজনই ৪১টি গোল করে লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন এরই মধ্যে। এই মৌসুমে সব মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৫৩টি। আর টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসির গোল ৬৩টি। আর মাত্র চারটি গোল করলেই এক মৌসুমে (১৯৭২-৭৩ মৌসুমে) বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার জার্ড মুলারের করা ৬৭ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। ১৯০২ সালের মে মাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলো বার্সা ও রিয়াল। ১১০ বছরে ২১৮ বারের লড়াইয়ে দু দলের জয়ের পাল্লা সমান-সমান। দু দলই জিতেছে ৮৬ বার। বাকি ৪৬টি ম্যাচের মীমাংসা হয়নি। স্প্যানিশ লিগে অবশ্য রিয়াল এগিয়ে আছে। এর আগের ১৬৩টি লড়াইয়ে রিয়াল জিতেছে ৬৮ বার, বার্সা ৬৪ বার, বাকি ৩১ ম্যাচ ড্র । লা লিগায় দু দলের সর্বশেষ দেখা হয়েছিলো গত ১০ ডিসেম্বর। রিয়ালের সান্টিয়াগো বার্নাব্যুতে সেদিন ৩-১ গোলে জিতেছিলো বার্সেলোনা। বার্সেলোনার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, পেপ গার্দিওলা কোচ হওয়ার পর ‘এল ক্লাসিকো’তে তাদের দুর্দান্ত সাফল্য। হোসে মরিনহোর সঙ্গে ব্যক্তিগত লড়াইয়েও অনেক এগিয়ে গার্দিওলা। ২০১০ সালের মাঝামাঝি ইন্টার মিলান ছেড়ে রিয়ালের দায়িত্ব নেন মরিনহো। এরপর ১০টি ‘এল ক্লাসিকো’তে মাত্র একবার জয়ের হাসি হাসতে পেরেছেন তিনি। গত বছর কিংস কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে রোনালদোর একমাত্র গোলে ঐ জয় পেয়েছিলো রিয়াল। ২০১০ সালের নভেম্বরে রিয়ালের কোচ হিসেবে প্রথমবারের মতো ন্যু ক্যাম্পে গিয়ে ৫-০ গোলের হারের লজ্জায় পড়তে হয়েছিলো মরিনহোকে। এরপর গার্দিওলার অধীনে আরো ৪ বার রিয়ালকে হারিয়েছে বার্সা। বাকি ৪ ম্যাচ ড্র করেছে। এবার কী হয় তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১২ ঘ.