ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ভালোই হচ্ছে ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল ও পুরুষদের র্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচের। বুধবার সহজেই মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠেছেন দুই টেনিস তারকা।
এই টুর্নামেন্টে ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত টানা ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল ৬-৪, ৬-৩ গেমে ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনকে এবং জোকোভিচ ৬-১, ৬-৪ গেমে ইতালির আন্দ্রিয়াস সেপ্পিকে হারিয়েছেন।
আগামী ২৭ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ৬ বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব নাদালের। শুধু ২০০৯ সালে রোলাঁ গারোঁতে শিরোপা জিততে পারেননি ১০টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
জোকোভিচ গত বছর দুর্দান্ত সাফল্যের পথে চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই জিতে নিলেও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে হেরে যান রজার ফেদেরারের কাছে। ৫টি গ্র্যান্ড স্লাম জিতলেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা এখনো তার অধরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১২ ঘ.
bdnews24