ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে আগামী ২৭ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন না বেলজিয়ামের টেনিস তারকা কিম ক্লাইস্টার্স।
গত মাসে ফ্লোরিডায় অনুষ্ঠিত সনি এরিকসন ওপেনে খেলার সময় চোট পান মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড়।
এ বছরের শেষে অবসর নেয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ক্লাইস্টার্স। মঙ্গলবার নিজের ওয়েবসাইটে তিনি বলেন, “জীবনের শেষ ক্লে কোর্ট মৌসুমে খেলতে না পারা আমার জন্য ভীষণ দুঃখজনক। কিন্তু বর্তমান শারীরিক অবস্থায় ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করা আমার পক্ষে সম্ভব নয়।”
২০০৭ সালের মে মাসে একবার অবসর নিয়েছিলেন ক্লাইস্টার্স। তবে ২০০৯ সালের মার্চে অবসর ভেঙ্গে কোর্টে ফেরেন তিনি।
এখন ক্লাইস্টার্সের লক্ষ্য লন্ডন অলিম্পিক ও উইম্বলডনে সাফল্য পাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৪ ঘ.
bdnews24