২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা-চেলসির আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-চেলসির খেলা মানেই টানটান উত্তেজনা। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় দু দলের লড়াই অনেক স্মরণীয় ঘটনার জন্ম দিয়েছে। বুধবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের প্রথম লেগে আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে ফুটবলপ্রেমীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-চেলসির খেলা মানেই টানটান উত্তেজনা। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় দু দলের লড়াই অনেক স্মরণীয় ঘটনার জন্ম দিয়েছে। বুধবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের প্রথম লেগে আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়নস লিগে এর আগে ৮ বার মুখোমুখি হয়েছিলো বার্সা ও চেলসি। জয়-পরাজয়ের পাল্লা সমান-সমান। দুবার জিতেছে বার্সেলোনা, দুবার চেলসি। বাকি ৪টি ম্যাচ অমীমাংসিত ছিলো। এই ৮টির মধ্যে ৬টি ম্যাচই ছিলো নকআউট পর্বে। ২০০৪-০৫ মৌসুমে দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিলো চেলসি। তবে পরের মৌসুমে ঐ দ্বিতীয় রাউন্ডেই চেলসির বিদায়ঘন্টা বাজিয়ে করে ভালোই প্রতিশোধ নিয়েছিলো বার্সেলোনা। তবে দুদলের সবচেয়ে জমজমাট লড়াই হয়েছিলো তিন বছর আগে অর্থাৎ ২০০৮-০৯ মৌসুমের সেমিফাইনালে। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগ গোলশূন্য ছিলো। স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে মাইকেল এসিয়েনের ৯ মিনিটের গোল এগিয়ে দিয়েছিলো স্বাগতিক চেলসিকে। নির্ধারিত ৯০ মিনিট ঐ এক গোলের ব্যবধান ধরে রেখে ফাইনালে খেলার স্বপ্নে বিভোর হয়ে পড়ে হোসে মরিনহোর চেলসি। কিন্তু ইনজুরি সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে খেলা ১-১এ শেষ হয়। এবং প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ফাইনালে চলে যায় বার্সেলোনা। ঐ ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে লাল কার্ড দেখেন চেলসির স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। দু দলের খেলোয়াড় ও কোচের মধ্যে বিরোধের রেশও ছিলো বহুদিন। আবার বার্সেলোনার মুখোমুখি হতে প্রস্তুত দ্রগবা ও তার দল। রোববার এফএ কাপের সেমিফাইনালে টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কথাটা ভালোভাবেই জানান দিয়েছে লন্ডনের ক্লাবটি। প্রস্তুত বার্সেলোনাও। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ১৫টি ম্যাচের ১৪টিতেই জিতেছে পেপ গার্দিওলার দল। অন্যটিতেও হারেনি, ড্র করেছে। টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির সামনেও নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করার হাতছানি। এবার এরই মধ্যে ১৪ গোল করে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার ফুটবল-বিস্ময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৪ ঘ.