ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়টা একদমই ভালো যাচ্ছে না মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকির। স্বদেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ই-বকস টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছেন তিনি।
রোববার অনুষ্ঠিত ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ওজনিয়াকিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন দ্বিতীয় বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। এই টুর্নামেন্টে গত দুই আসরে চ্যাম্পিয়ন হলেও রোববার পাত্তাই পাননি ওজনিয়াকি। মাত্র দুবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করতে পেরেছেন তিনি।
দ্বৈতের ফাইনালে সুইডেনের সোফিয়া আরভিডসন ও এস্তোনিয়ার কাইয়া কানেপিকে হারিয়েছেন জাপানের কিমিকো দাতে-ক্রুম ও রিকা ফুজিওয়ারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৩ ঘ.
bdnews24