ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ইংল্যান্ডের এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে টটেনহাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়েছে চেলসি। আগামী ৫ মে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল।
শনিবার প্রথম সেমিফাইনালে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে এভারটনকে।
ওয়েম্বলিতেই ৪৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন দিদিয়ের দ্রগবা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করেন হুয়ান মাতা। যদিও গোলটি ছিলো বিতর্কিত। বল গোললাইন অতিক্রম না করলেও রেফারি মার্টিন অ্যাটকিনসনের তা নজরে আসেনি।
৫৬ মিনিটে একটি গোল ফিরিয়ে দিয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু ৭৭ মিনিটে আবার দুই গোলের ব্যবধান নিয়ে আসেন রামিরেস।
চার মিনিট পর ফ্রিকিক থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্যভেদ নিশ্চিত করে দেয় চেলসির একাদশ বারের মতো এফএ কাপের ফাইনালে উত্তরণ। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন ফ্লোরেন্ত মালুদা।
বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। ঐ ম্যাচে এই বিশাল জয় চেলসিকে অনুপ্রাণিত করবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৯ ঘ.
bdnews24