ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যকৃত প্রতিস্থাপনের পর শুক্রবার হাসপাতালে এরিক আবিদালকে দেখে এসেছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।
এ সপ্তাহের শুরুতে জটিল অস্ত্রোপচারের পর শঙ্কা মুক্ত ঘোষণা করা হয় ফ্রান্সের এই তারকাকে।
গার্দিওলা বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন আবিদালের কাছে।
আবিদাল ও তার পরিবারের সঙ্গে ২০ মিনিটের মতো সময় কাটান বার্সেলোনা কোচ। এ সময় তিনি প্রিয় শিষ্যের দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে বার্সেলোনা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ঘোষণা করেন তার দ্বিতীয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার শেষে ভালো ভাবেই সেরে উঠছেন আবিদাল।
লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দেয়া বার্সেলোনা শনিবার লেভেন্তের বিপক্ষে মাঠে নামবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৫ ঘ.
bdnews24