২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেলসিকে হারানো লিগ জয়ের সমান’

চেলসিকে হারানো লিগ জেতার সমান বলে মনে করেন আর্সেনাল তারকা থিও ওয়ালকট। গত অক্টোবরে চেলসিকে ৫-৩ গোলের হারানোর সুখস্মৃতিকে এ মৌসুমে আর্সেনালের সবচেয়ে বড় অর্জন বলে অভিহিত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসিকে হারানো লিগ জেতার সমান বলে মনে করেন আর্সেনাল তারকা থিও ওয়ালকট। গত অক্টোবরে চেলসিকে ৫-৩ গোলের হারানোর সুখস্মৃতিকে এ মৌসুমে আর্সেনালের সবচেয়ে বড় অর্জন বলে অভিহিত করেছেন তিনি। গত অগাস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮-২ গোলে নাকাল হওয়ার পর চেলসির বিপক্ষে এই জয় প্রাণ ফিরিয়েছিল আর্সেনাল শিবিরে। এক সাক্ষাৎকারে ওয়ালকট বলেন, “প্রতিপক্ষের মাঠে গিয়ে এতোগুলো গোল করে আসা অনেক বড় ব্যাপার। দল হিসেবে সেদিন আমরা অসাধারণ খেলেছি। ম্যাচ শেষে আমাদের মনে হয়েছিল, আমরা যেন লিগ শিরোপা জিতেছি।” লিগে দলের হয়ে আট গোল করা ওয়ালকট মনে করেন চেলসিকে হারানো ম্যাচে আর্সেনালের যে মানের ফুটবল খেলেছিল গত কয়েক সপ্তাহে তারই পুনরাবৃত্তি করছেন তারা। শেষ ১১ খেলায় ১০টিতে জয় অবশ্য সে সাক্ষ্যই দেয়। লিগ শিরোপা আর দ্বিতীয় স্থানের আশা ছেড়ে দেয়া আর্সেনালের লক্ষ্য তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা। সে লক্ষ্যে সোমবার এমিরেটসে উইগানের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমকে দেয়া উইগানকে হাল্কাভাবে নেয়া হচ্ছে না বলে জানান ওয়ালকট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫২ ঘ.