২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সামনে রেকর্ডের হাতছানি

শিরোপার পাশাপাশি স্পেনের লা লিগার ২২ বছরের পুরনো একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। আর মাত্র ৪ গোল করতে পারলে রিয়াল ভেঙ্গে দেবে লিগে তাদেরই গড়া এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি। সেই লক্ষ্যে শনিবার ঘরের মাঠে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে রিয়াল। শনিবারই লা লিগার গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপার পাশাপাশি স্পেনের লা লিগার ২২ বছরের পুরনো একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। আর মাত্র ৪ গোল করতে পারলে রিয়াল ভেঙ্গে দেবে লিগে তাদেরই গড়া এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি। সেই লক্ষ্যে শনিবার ঘরের মাঠে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে রিয়াল। শনিবারই লা লিগার গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে। বুধবার রোনালদোর হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে বার্সার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান অটুট রেখেছে রিয়াল। এবারের লা লিগায় ৩২ ম্যাচেই ১০৪ গোল করে ফেলা হোসে মরিনহোর দল নিশ্চিতভাবেই ভাঙ্গতে যাচ্ছে রেকর্ডটা। ১৯৮৯-৯০ মৌসুমে জন টোশাকের অধীনে রিয়াল করেছিলো ১০৭টি গোল। ৪০টি গোল নিয়ে রোনালদো এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। বুধবারের হ্যাটট্রিকে অনন্য এক অর্জনেরও তিনি মালিক। ইউরোপের সেরা চার লিগে (স্পেন, ইংল্যান্ড, ইতালি ও জার্মানি) টানা দুবার ৪০ গোল করার প্রথম কৃতিত্ব রোনালদোর। শুধু নিজে গোল করা নয়, সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়ে রোনালদোই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন দলকে। তিন বছর আগে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেয়া পর্তুগিজ তারকাও জীবনের প্রথম লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত। তিনি বলেন, “আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী। আমাদের ভাগ্য এখন আমাদেরই হাতের মুঠোয়। মৌসুমের শেষ প্রান্তে এটা খুবই গুরুত্বপূর্ণ।” তবে লিওনেল মেসিও কম যাচ্ছেন না। লিগে রোনালদোর চেয়ে এক গোল কম করলেও পুরো মৌসুমের হিসেবে অনেকটাই এগিয়ে আছেন গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এ মৌসুমে মেসির ৬১ গোলের বিপরীতে রোনালদোর গোল ৫২টি। আর্জেন্টিনার ফুটবল-বিস্ময়ের অব্যাহত গোল-জোয়ারই টানা চতুর্থ শিরোপার স্বপ্ন দেখাচ্ছে বার্সাকে। লেভান্তে সফরে যাওয়ার আগে বার্সার কোচ পেপ গার্দিওলা অবশ্য শিরোপার কথা বলে শিষ্যদের চাপের মধ্যে ফেলতে চাইছেন না। তিনি বলেন, “আমাদের শুধু এই ম্যাচের দিকে মনযোগ দিতে হবে। প্রতিপক্ষের মাঠে এটি হবে আমাদের জন্য অন্যতম কঠিন ম্যাচ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৩ ঘ.