ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে বুধবার স্পেনের লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ৪-ই রইলো।
৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৮।
দুদলেরই আর ৬টি করে ম্যাচ বাকি। এর মধ্যে একটি আগামী ২২ এপ্রিল বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনেক প্রতীক্ষার ‘এল ক্লাসিকো’!
অ্যাতলেতিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ২৫ মিনিটে রোনালদোর অসাধারণ ফ্রিকিক এগিয়ে দেয় রিয়ালকে।
৫৫ মিনিটে সমতা ফেরান ফ্যালকাও। তবে ৬৮ মিনিটে আবারো রিয়ালকে এগিয়ে দেন রোনালদো।
কিছুক্ষণ পর গনজালো হিগুয়াইনকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় রিয়াল। সুযোগটা কাজে লাগিয়ে হ্যাট্রটিকের আনন্দে মেতে ওঠেন রোনালদো।
৪০টি গোল নিয়ে পর্তুগিজ তারকাই এখন লা লিগার গোলদাতার তালিকায় সবার ওপরে। এক গোল কম নিয়ে রোনালদোর ঠিক পরেই লিওনেল মেসি। এই মৌসুমে গোলের অর্ধশতকেও পৌঁছে গেছেন রোনালদো।
শেষ বাঁশির তিন মিনিট আগে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন হোসে ক্যালেয়ন।
ম্যাচ শেষে রোনালদো বলেন, “গতকাল (মঙ্গলবার) বার্সেলোনার জয়ের পর আমরা কিছুটা চাপের মধ্যে ছিলাম। তবে এই চাপ নিয়ে আমরা খুশি। লিগের বাকি ম্যাচগুলো জেতাই আমাদের লক্ষ্য।”
লা লিগার অন্য দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ৪-১ গোলে রায়ো ভায়েকানোকে এবং স্পোর্টিং গিজন ৩-২ গোলে লেভান্তেকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৪ ঘ.
bdnews24