২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর হারে লাভবান ম্যান সিটি

বুধবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উইগান অ্যাথলেটিকের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়নদের হারে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটির। ওয়েস্ট ব্রমউইচকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে ম্যান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উইগান অ্যাথলেটিকের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়নদের হারে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটির। ওয়েস্ট ব্রমউইচকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে ম্যান সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে ম্যান ইউ। সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৭৪। দু দলের আরো ৫টি করে খেলা বাকি। ৩০ এপ্রিল ম্যান সিটির মাঠে মুখোমুখি হবে দুই শিরোপা প্রত্যাশী। ম্যান ইউর সঙ্গে উইগানের জয়ের নায়ক শন ম্যালোনি। ৫০ মিনিটে তার গোলটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এর আগে ১৩ বার ম্যান ইউর মুখোমুখি হয়ে প্রতিবারই হার মেনেছিলো উইগান। ৪ জানুয়ারির পর প্রিমিয়ার লিগে এটাই ম্যান ইউর প্রথম হার। যে হারে ভীষণ হতাশ তাদের কোচ অ্যালেক্স ফার্গুসন। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা খুব খারাপ খেলেছি। প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছি আমরা। বল দখলের লড়াইয়েও অনেক পিছিয়ে ছিলাম।” ম্যান সিটির হয়ে ৬ ও ৫৪ মিনিটে দুটো গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। ৬১ মিনিটে তৃতীয় গোলটি করেন আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ। গত ২১ সেপ্টেম্বরের পর ম্যান সিটির হয়ে এটাই তেভেজের প্রথম গোল। ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেন স্পেনের মিডফিল্ডার ডেভিড সিলভা। তবে ব্যবধান কমে এলেও ম্যান সিটির শিরোপা জয় নিয়ে মোটেই আশাবাদী নন দলটির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেন, “শিরোপার লড়াই শেষ হয়ে গেছে। কারণ ম্যান ইউ খুবই ভালো দল এবং তারা দারুণ উজ্জীবিতও। আমার মনে হয় পাঁচ পয়েন্টের ব্যবধানটা অনেক বেশিই।” বুধবারের আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান সুসংহত করেছে আর্সেনাল। ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪। চার নম্বরে থাকা টটেনহাম হটস্পারের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে তারা। এছাড়া কুইন্স পার্ক রেঞ্জার্স ৩-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০০ ঘ.