ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুলাইয়ে রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন পুরুষদের টেনিস র্যাংকিংয়ে এক ও দুই নম্বরে থাকা নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। এই ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির আশা করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
স্পেনের সফলতম ফুটবল ক্লাব রিয়াল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “এই প্রদর্শনী ম্যাচের উদ্দেশ্য একটি টেনিস ম্যাচে দর্শক উপস্থিতির রেকর্ড গড়া। এই ম্যাচের দর্শক সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে।”
রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রাফায়েল নাদাল ফাউন্ডেশনের আয়োজনে ১৪ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ থেকে পাওয়া অর্থ ফাউন্ডেশন দুটোর কার্যক্রমে ব্যয় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০৪ ঘ.
bdnews24