২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে রিয়ালের আরো কাছে বার্সা

চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলের সুবাদে মঙ্গলবার ঘরের মাঠে গেটাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে স্পেনের লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে ১-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলের সুবাদে মঙ্গলবার ঘরের মাঠে গেটাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে স্পেনের লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে ১-এ। তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সা টানা দশ ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এখন। ৩২ ম্যাচ থেকে গত তিনবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৮ পয়েন্ট । এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৯। ন্যু ক্যাম্পে ১৩ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন সানচেজ। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। টানা তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত আর্জেন্টাইন তারকার লা লিগায় এটি ৩৯ এবং মৌসুমে ৬১তম গোল। ৭৩ মিনিটে কর্নার থেকে হেড করে ব্যবধান ৩-০ করেন সানচেজ। ২ মিনিট পর মেসির ফ্রিকিক থেকে পেদ্রোর হেডে বড় জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। গত নভেম্বরে গেটাফের মাঠে ০-১ গোলে হেরে যাওয়ায় পেপ গার্দিওলার দলের প্রতিশোধটাও ভালোই হলো। বার্সেলোনার অসুস্থ ফরাসী ডিফেন্ডার এরিক আবিদালের সুস্থতা কামনায় খেলার ২২ মিনিটের সময় পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে যান। মঙ্গলবারই ২২ নম্বর জার্সি নিয়ে খেলা আবিদালের যকৃৎ প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়। লা লিগার অন্যান্য ম্যাচে ওসাসুনা ২-০ গোলে নয় জনের এসপানিওলকে হারিয়েছে এবং রিয়াল সোদিয়েদাদ-রিয়াল বেটিস ১-১ গোলে ড্র করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭১৭ ঘ.