ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চার ম্যাচ হেরে যাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
৯ মিনিটে স্ট্রাইকার আনোয়ার হোসেনের অসাধারণ এক গোলে শেখ রাসেল এগিয়ে যায়। আনোয়ারের কর্নার দ্বিতীয় বারে লেগে জড়িয়ে যায় ফরাশগঞ্জের জালে (১-০)।
২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকান। আনোয়ারের ক্রস থেকে ক্যামেরুনের মিডফিল্ডার আরনেস্ট অ্যামাকোর হেড এসে পড়ে বুকোলার পায়ে। কোনাকুনি শটে গোল করেন বুকোলা (২-০)।
৩৬ মিনিটে শেখ রাসেল পরিণত হয় দশ জনের দলে। প্রতিপক্ষের ডিফেন্ডার জহিরুল ইসলামকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান অ্যামাকো।
তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি ফরাশগঞ্জ। বরং ৫৬ মিনিটে আরেকটি গোল করে শেখ রাসেল। ঘানার মিডফিল্ডার মরো মোহাম্মদের থ্রু থেকে বল পেয়ে বক্সে ঢুকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আনোয়ার।
৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করা ফরাশগঞ্জ আছে দশম স্থানে।
তবে জিতলেও শেখ রাসেলের কোচ মারুফুল হক শিরোপা জয়ের ব্যাপারে তেমন আশাবাদী নন। তিনি বলেন, “আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কারণ আমরা অনেকগুলো পয়েন্ট নষ্ট করেছি।”
ফরাশগঞ্জের কোচ কামাল বাবু হারের জন্য দায়ী করলেন গোলরক্ষককে। তিনি বলেন, “গোলরক্ষকের ভুলেই আমরা হেরেছি। তিনটি গোলই খুব বাজেভাবে খেয়েছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০১ ঘ.
bdnews24