ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী নির্বাচনে ভোটার সংখ্যা ১২০ জন।
বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে। পর দিন একই সময়ে আপত্তির ওপর শুনানি হবে।
খসড়া ভোটার তালিকায় তিনজন সংসদ সদস্য আছেন। তারা হলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বীর বাহাদুর এমপি, রহমতগঞ্জ ক্লাব থেকে মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব থেকে মিজানুর রহমান দিপু এমপি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক দেওয়ান সফিউল আরেফিন টুটুল ঢাকা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কাউন্সিলর হয়েছেন।
ঢাকার ক্লাবগুলোর উল্লে¬খযোগ্য কাউন্সিলররা হলেন ঢাকা আবাহনী লিমিটেড থেকে কাজী ইনাম আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড থেকে লোকমান হোসেন ভূঁইয়া, শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে মঞ্জুুর কাদের, শেখ রাসেল ক্রীড়চক্র থেকে নুরুল আলম চৌধুরী এবং উত্তর বারিধারা ক্লাব থেকে মাহফুজা আক্তার কিরণ।
বাফুফে নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এই তালিকায় নেই। এবারের নির্বাচনে নির্বাহী কমিটির কর্মকর্তাদের ভোটাধিকার না থাকাই তার কারণ। অবশ্য কাউন্সিলর না হয়েও যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৫ ঘ.
bdnews24