২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারতে-হারতে শেখ জামালের ড্র

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিশ্চিত হার থেকে বেঁঁচে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে এটিই ছিলো শেখ জামালের শেষ ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিশ্চিত হার থেকে বেঁঁচে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে এটিই ছিলো শেখ জামালের শেষ ম্যাচ। কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট না করলে ব্রাদার্সই হয়তো ম্যাচটি জিততো। ৩৫ মিনিটে সেনেগালের স্ট্রাইকার হাবিব দিয়ুফ এগিয়ে দেন ব্রাদার্সকে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা নিয়ে আসে শেখ জামাল। ৫০ মিনিটে সোহেল রানার পাস থেকে ব্রাদার্সের জালে বল জড়িয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন। তবে ৬৩ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কিংসলের গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স। মাঝ মাঠে বল পেয়ে বক্সে ঢুকে অসাধারণ শটে শেখ জামালের গোলরক্ষক আমিনুলকে পরাস্ত করেন তিনি (২-১)। ৭১ মিনিটে মিডফিল্ডার জামাল হোসেন লাল কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। শেখ জামালের ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটন ডি সুজাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে আসেন জামাল হোসেন। এর পরই ব্রাদার্সকে চেপে ধরে শেখ জামাল। নির্ধারিত সময়ে গোল না পেলেও ইনজুরি সময়ে সমতা নিয়ে আসে তারা। শেখ জামালের মান বাঁচানো গোলটি করেন মিডফিল্ডার মাসুদ রানা (২-২)। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগে শেখ জামালের অবস্থান পঞ্চম। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেলেও গোল গড়ে এগিয়ে থাকায় ব্রাদার্স আছে চার নম্বরে। জিততে-জিততেও ড্র করায় ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন ভীষণ হতাশ। ম্যাচ শেষে তিনি বলেন, “নিশ্চিত জেতা ম্যাচ এভাবে ড্র করা যে কোনো কোচের জন্যই হতাশার। ম্যাচটি জেতা উচিত ছিলো।” “ছেলেরা অবশ্য ভালো খেলেছে। তবে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতাম আমরা,” যোগ করেন তিনি। অন্যদিকে শেখ জামালের কোচ আবু ইউসুফ বলেন, “এই ড্র আমাদের জন্য স্বস্তিকর। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ড্র করতে পারা আনন্দদায়ক। ফিরতি লেগে এটা আমাদের ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৮ঘ.