২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে ম্যান ইউ

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যান ইউর জন্য সুসংবাদ, আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। তাই দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন ৮ পয়েন্টের ব্যবধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যান ইউর জন্য সুসংবাদ, আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। তাই দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন ৮ পয়েন্টের ব্যবধান। ইপিএলের সফলতম দল ম্যান ইউর ৩২ ম্যাচ থেকে সংগ্রহ ৭৯ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান দ্বিতীয়। রোববারের জয়ে ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান সুসংহত করেছে আর্সেনাল। ইপিএলের আরো ৬ রাউন্ড বাকি। ম্যান ইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়েইন রুনি। মৌসুমে এটি তার ৩০তম গোল। অ্যাশলে ইয়াংকে কিউপিআর অধিনায়ক শন ডেরি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ইয়াং অফসাইড ছিলেন দাবি করে রেফারির সঙ্গে তর্ক জুড়ে লাল কার্ড দেখেন ডেরি। ৬৮ মিনিটে ম্যান ইউর জয় নিশ্চিত করেন পল স্কলস। আর্সেনালের মাঠে হেরে যাওয়ায় ৪৪ বছর পর ম্যান সিটির লিগ শিরোপা জয়ের স্বপ্ন শেষই বলা যায়। এই ম্যাচে লাল কার্ড দেখেন ম্যান সিটির বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এই মৌসুমে এটি তার দ্বিতীয় লাল কার্ড। ইনজুরি সময়ে দশ জনের দল হওয়ার আগেই অবশ্য পিছিয়ে পড়েছিলো ম্যান সিটি। ৮৭ মিনিটে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মিকেল আরতেতার গোলের জন্যই ম্যান ইউর ঘরে এখন শিরোপার সুবাস। ম্যাচ শেষে হতাশ, ক্ষুব্ধ ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি বলেন, “এই মৌসুমে আমি আর তাকে (বালোতেল্লিকে) মাঠে নামাব না। মৌসুম শেষে তাকে বিক্রিও করে দিতে পারি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১১ঘ.