ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর উইলিয়ামস পরিবারে শিরোপার আনন্দ। ফ্যামিলি সার্কল কাপের ফাইনালে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে দাঁড়াতেই দেননি সেরেনা উইলিয়ামস। জিতেছেন অতি সহজে ৬-০, ৬-১ গেমে, মাত্র ৫৮ মিনিটে। এ বছর এটাই সেরেনার প্রথম শিরোপা।
১৩টি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনার এটি ৪০তম ডব্লিউটিএ শিরোপা। সুবাদে অনন্য এক অর্জন এখন তার হাতের মুঠোয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনের এই প্রতিযোগিতায় মার্টিনা নাভ্রাতিলোভার পর তিনিই প্রথম ত্রিশোর্ধ্ব চ্যাম্পিয়ন। ১৯৯০ সালে সবুজ ক্লে কোর্টের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেয়েদের টেনিসের জীবন্ত কিংবদন্তী নাভ্রাতিলোভা।
চার্লসটনের সাফল্যে র্যাংকিংয়েও উন্নতি হয়েছে সেরেনার। এক ধাপ এগিয়ে তিনি এখন র্যাংকিংয়ে ৯ নম্বরে। শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা ও পেত্রা কেভিতোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৭ঘ.
bdnews24