ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যামফোর্ড ব্রিজে দশজনের বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। অন্য খেলায় সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোসিয়াকে ৫-২ গোলে হারিয়ে চেলসির সঙ্গী রিয়াল মাদ্রিদ।
গত সপ্তাহের প্রথম লেগে পর্তুগাল থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিলো চেলসি। সব মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
প্রথমার্ধের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে নেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বেনফিকার ডি বক্সে চেলসি ডিফেন্ডার অ্যাশলি কোলেকে অবৈধভাবে বাধা দেন মিডফিল্ডার জাভি গার্সিয়া। পেনাল্টি বাঁশি বাজান রেফারি।
প্রধমার্ধে ৪০ মিনিটে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড)দেখে ম্যাক্সি পেরেইরা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা। তবে তারপরও দমে যায়নি অতিথিরা।
পাবলো আইমারের নেয়া কর্নার থেকে দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে গার্সিয়া গোল করলে ম্যাচে সমতা ফেরে।
সমতায় ফেরার পর আরো তীব্র হয়ে উঠে বেনফিকার আক্রমণগুলো। তবে চেলসি রক্ষণের সঙ্গে পেরে ওঠেনি তারা। উল্টো সংযুক্ত সময়ে (৯০+২) একটি গোল হজম করে বসে। রাউল মেইরেলেসের ওই গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
এদিকে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয় পাওয়া রিয়ালের সেমিফাইনাল প্রায় নিশ্চিতই ছিল। সান্টিয়াগো বর্নাব্যুতে দ্বিতীয় লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে ৫-২ গোলের বড় জয় পেয়েছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি। বাকি গোল তিনটি করেন ডি মারিয়া, কাকা ও কালেজনের। সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মানির বায়ার্ন মিউনিখ।
প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এগারো মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাকা। প্রথমার্ধে রিয়াল এগিয়ে থাকে ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট পর্যন্ত ওই ব্যবধান ধরে রাখে রিয়াল। অ্যাপোয়েলের গুস্তাভো মান্দুকা এক গোল ফিরিয়ে দিলে যেন তেতে উঠে স্প্যানিশ জায়ান্টরা। ৭৫ মিনিটে রোনালদো ও ৮০ মিনিটে কালেজন লক্ষ্যভেদ করলে ৪-১ গোলে এগিয়ে যায় দলটি।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৮ গোল করলেন রোনালদো। আর সব মিলিয়ে ৪৯ গোল।
খেলা শেষ হওয়ার আট মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে এস্তোবান সোলারি ব্যবধান কমিয়ে আনলেও দুই মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন ডি মারিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬১৫ ঘ.
bdnews24