ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ২৮ এপ্রিলের পরিবর্তে ২৯ অথবা ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হতে পারে।
অবশ্য তা এখনো চূড়ান্ত হয়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ ব্যাপারে জানিয়েছেন, “২৮ এপ্রিল প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। তাই একই দিনে বাফুফের নির্বাচন করা ঠিক হবে না।”
নির্বাচন পেছাতে হলে অবশ্য ফিফার অনুমোদন নিতে হবে বাফুফেকে। কারণ ইতোমধ্যেই ২৮ এপ্রিলের জন্য অনুমোদন পেয়ে গেছে তারা।
তাই দু’একদিনের মধ্যেই বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হবে। সেখানেই মূলত ঠিক হবে নির্বাচনের নতুন তারিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১০ঘ.
bdnews24