ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অনায়েশে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জিতেছে। এই ম্যাচ জিতে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে মুক্তিযোদ্ধা।
ম্যাচের ৯ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার চিবুক ডিভাইনের গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভিতরে জটলায় পড়া থ্রো থেকে ডিভাইন আলতো ছোয়ায় শেখ জামাল জালে পাঠিয়ে দেন বল।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে মুক্তিযোদ্ধা অনেকটা অপ্রত্যাশিত গোল থেকে। নিজেদের অর্ধ্ব থেকে এমিলির হঠাৎ বাড়ানো বল বার ছেড়ে বাইরে এসে ক্লিয়ার না করে সিদ্ধান্তহীণতায় ভুগেন শেখ জামাল গোলরক্ষক পিয়ারুজ্জামান পিরু। প্রায় মাঝ মাঠ থেকে দৌড়ে এসে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা বল কেড়ে নিয়ে উন্মুক্ত জালে পাঠিয়ে দেন (২-০)।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
মুক্তিযোদ্ধা দুই গোল পেয়ে যেনো অনেকটাই নির্ভার হয়ে পড়ে। তাই ম্যাচের পরবর্তী সময় তারা অনেকটাই আয়েশী মেজাজে খেলেছে। যার দরুণ দ্বিতীয়ার্ধে কোন গোল পায়নি তারা।
সুযোগও যে পায়নি তা বলা যাবে না। ৬৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রেজা, এমিলি ও কাঞ্চন নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে বক্সের সামনে এসে তালগোল পাঁকিয়ে ফেলেন রেজা। নিজে গোল করতে গিয়ে বল তুলে দেন প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে।
নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা এখন সবার ওপরে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেখ জামাল চতুর্থস্থানে।
এই জয়েও মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক খুব একটা সন্তুষ্ট নন। তিনি বলেন, “আমরা জেতেছি সত্য, কিন্তু ব্যবধানটা আরো বড় হতে পারতো। দ্বিতীয়ার্ধে আমাদের দল খুব একটা ভালো খেলেনি।”
শেখ জামাল কোচ আবু ইউসুফ এই হারের জন্য দুষেছেন বিদেশী খেলোয়াড়দের। তিনি বলেন, “বিদেশী খেলোয়াড়রা যেনো ইচ্ছকৃতভাবে খেলছেনা। তাই মাশুল দিতে হয়েছে পুরো দলকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.
bdnews24