ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারো আইনি জটিলতার মধ্যে নিমজ্জিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। সোমবার আদালত এক নির্দেশে ব্যাডমিন্টন ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। নীট কনসার্ন গং সিভিল ডিভিশনে আবেদন করলে আদালত এই রায় দেন।
এই রায়ের আগের দিন অর্থাৎ রোববারই ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। জোবায়দুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ ব্যবধানে জয় লাভ করে। এই প্যানেলের প্রতিপক্ষই স্থগিতাদেশের আবেদন করেন।
এ সম্পর্কে নীট কনসার্ন গংয়ের আইনজীবি আবু লুৎফর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “মাত্র চার দিনের নোটিশে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুনঃ সময়সূচীর জন্য অন্তত ২১ দিন সময়ের প্রয়োজন ছিল। কিন্তু তা মানা হয়নি।”
এর আগে গত ১৮ মার্চ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে আদালত। পরে ২৭ মার্চ নির্বাচন কমিশন জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্বাচন আয়োজনে কোন বাধা নেই।” তারই পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৩ ঘ.
bdnews24