ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও চ্যানেল আইয়ের উদ্যোগে আগামী শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বিচ ফুটবল প্রতিযোগিতা।
ছয় দলের এই প্রতিযোগিতায় অংশ নেবেন সাবেক ফুটবলাররা।
এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে ‘উই আর ফর ফুটবল’ বা ওয়াফ-এর সভাপতি এবং বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য সাবেক কৃতি ফুটবলারদের একত্রিত করা এবং তাদের সম্মান জানানো। খেলাধূলার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেও বিচ ফুটবলের আয়োজন করছি আমরা।”
চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও অন্যতম পরিচালক শাইখ সিরাজ বলেন, “ফুটবলের মাধ্যমে আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে সবার সামনে তুলে ধরতে চাই । সাবেক ফুটবলারদের সম্মানিতও করতে চাই।”
“অচিরেই একটি আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট আয়োজনেরও উদ্যোগ নেবো আমরা,” যোগ করেন তিনি।
প্রতিযোগিতায় ছয়টি দল দুই গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে। সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে।
চ্যাম্পিয়ন দল ১ লাখ এবং রানার্স আপ দল ৫০ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাবে ১০ হাজার টাকা করে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ১০ হাজার এবং ফাইনালের সেরা খেলোয়াড় ৫ হাজার টাকা পাবেন ।
প্রতিযোগিতার ৬ টি দল হলো আবাহনী মাস্টার্স, মোহামেডান মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, বিজেএমসি মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪০ ঘ.
bdnews24