ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যান্ডি মারেকে ৬-১, ৭-৬ গেমে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সনি এরিকসন ওপেনের শিরোপা জিতেছেন পুরুষদের টেনিস র্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জোকোভিচের এটি তৃতীয় শিরোপা। ২০০৭ সালে প্রথম বারের মতো সনি এরিকসন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
এবারের প্রতিযোগিতায় একটি সেটও হারেননি জোকোভিচ। চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, “আমি এখন সেরা ফর্মে আছি এবং দারুণ খেলছি।”
“এই প্রতিযোগিতায় আমি কোনো সেট হারিনি। এটা ভীষণ আনন্দদায়ক,” যোগ করেন জোকোভিচ।
এই মৌসুমে ২০টি জয়ের বিপরীতে মাত্র দুটিতে হার মেনেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২৪ ঘ.
bdnews24