ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে রুখে দিয়েছে বিজেএমসি। শুক্রবার টাঙ্গাইল স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুদল।
তবে ড্র করলেও শীর্ষস্থান ফিরে পেয়েছে মুক্তিযোদ্ধা। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। মুক্তিযোদ্ধা জিতেছে ৫ ম্যাচে, ড্র করেছে দুটি এবং একটি ম্যাচে হেরেছে।
মুক্তিযোদ্ধার সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় আবাহনী লিমিটেডের অবস্থান দ্বিতীয়। পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
নিজেদের মাঠে মুক্তিযোদ্ধার এক পয়েন্ট কেড়ে নিয়ে চতুর্থ স্থান থেকে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে বিজেএমসি। ৭ ম্যাচে দুটো জয়, চারটি ড্র ও একটি হারের সুবাদে তাদের পয়েন্ট ১০।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জের মধ্যকার দিনের অন্য ম্যাচও গোলশূন্য ড্র হয়েছে।
৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্স রয়েছে পঞ্চম স্থানে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জের অবস্থান সপ্তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৩ঘ.
bdnews24