ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের বিদেশী খেলোয়াড়দের প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন শেখ জামাল কর্মকর্তারা। তারা মাঠে ইচ্ছাকৃত ভাবে খেলছেনা। অন্য ক্লাব দ্বারা তারা প্রভাবিত হতে পারেন বলে মনে করনে দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল।
বৃহষ্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে শেখ জামাল ম্যানেজার বলেন, “বিদেশী খেলোয়াড়রা মাঠে একেবারেই দায়সারা ফুটবল খেলছেন। প্রতিনিয়তই তারা এমনি করে খেলছে। যা আমাদের নজরে আসে।”
“আমাদের ধারনা তারা হয়তো অন্য কোন ক্লাব দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হয়েছেন। যে কারণে মাঠে তারা ঠিকভাবে খেলছে না। আর তাই ক্লাব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের প্রতি আমরা সন্তুষ্ট নই।,” যোগ করেন শেখ জামাল ম্যানেজার।
দলটির কোচ আবু ইউসুফও বিদেশীদের প্রতি একই অভিযোগ তোলেন। তিনি বলেন, “মাঠে তারা ঠিকভাবে খেলছেনা। প্র্যাকাটিসেও নিয়মিত নয়। তারা হয়তো ইচ্ছাকৃতভাবেই এমনটি করছে।”
“বিদেশীরা তাদের সামর্থ্যরে পঞ্চাশভাগ দিয়ে খেললে দলের এমন দুর্দশা হতো না। তাহলে দলের অবস্থাটা আরো ভালো হতো,”যোগ করেন ইউসুফ।
তাই সবকজন বিদেশী খেলোয়াড়কে প্রথম লেগ শেষেই বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল। দলে এখন চার বিদেশী রয়েছেন। তারা হলেন- এভারটন ডি সুজা (ব্রাজিল), ইউকো (ক্যামেরুন), ফেমি অরুনিমি ও কেস্টার আখন (নাইজেরিয়া)।
দ্বিতীয় লেগে তারা নতুন পাঁচজন বিদেশীকে নিবন্ধন করাচ্ছে। ইতোমধ্যে তারা নতুন সাত-আটজন বিদেশীকে উড়িয়েও এনেছে। বুধবার এসেছেন তারা।
নতুন করে আসা খেলোয়াড়রা শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করবেন। পছন্দ হলেই মধ্যবর্তী দলবদলে রেজিস্ট্রশন করানো হবে তাদের।
শুধু শেখ জামালই নয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও প্রথম লেগ শেষে নতুন বিদেশী খেলোয়াড় আনছে। ইতোমধ্যেই কয়েকটি দেশে যোগাযোগও করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১০ঘ.
bdnews24